রাজ্যে বাল্যবিবাহের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, বাল্যবিবাহ (Child Marriage) ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে জেল ও জরিমানার পাশাপাশি বন্ধ করে দেওয়া হবে সরকারি সুযোগ-সুবিধাও। এমনকি বাল্যবিবাহে অভিযুক্তদের সামাজিক ভাতাও বন্ধ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, গত ছয় মাসে শুধু মুর্শিদাবাদেই ১২ হাজারের বেশি বাল্যবিবাহের ঘটনা সামনে এসেছে। বাল্যবিবাহের পাশাপাশি নাবালিকাদের গর্ভধারণের ক্ষেত্রেও মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা এগিয়ে। দশ-বারো বছরের বাচ্চা মেয়েদের বিয়ে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। বাল্যবিবাহ প্রতিরোধে নতুন আইন আনার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।
নাবালিকা স্ত্রীর সন্তান প্রসবের বিষয়ও এবার নজরদারির আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য দফতরের তরফে সংশ্লিষ্ট স্বামীদের নোটিশ পাঠিয়ে জবাবদিহি চাওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বাল্যবিবাহে জড়িত স্বামীদের শোকজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তদের সরকারি সুবিধা বন্ধের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুধু বর-কনের পরিবার নয়, বাল্যবিবাহের সঙ্গে যুক্তরাও এবার প্রশাসনের নজরে। পুরোহিত বা কাজির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়াও হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাল্যবিবাহের প্রবণতা ঠেকাতে এবার থেকে বাড়ি বাড়ি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনের নজরদারি ও কড়া আইনি পদক্ষেপের মাধ্যমে এই সামাজিক অপরাধে লাগাম টানাই সরকারের লক্ষ্য।
















