রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের (Monoj Kumar Agarwall)চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর প্রস্তাবে ও সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। ৩১ জুলাই অবসর নেওয়ার কথা ছিল রাজ্যের বর্তমান মুখ্যসচিবের। তার আগে বৃহস্পতিবার কর্মীবর্গ  মন্ত্রকের পক্ষ থেকে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। কেন্দ্রের নির্দেশে বলা হয়েছে, আগামী বছর ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে বহাল থাকবেন। 

 

 পশ্চিমবঙ্গ সরকার গত ১৫ জুলাই মনোজ কুমার আগরওয়ালের চাকরির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব বিবেচনা করে আইনের নির্দিষ্ট ধারায় তাঁকে ছ’মাসের এক্সটেনশনের অনুমোদন দেওয়া হয়েছে।

 

মনোজ কুমার আগরওয়াল ১৯৯০ ব্যাচের আইএএস আধিকারিক। রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে তাঁকে মুখ্যসচিবের পদে নিয়ে আসেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসআইয়ার এবং বিধানসভা ভোট পর্বে মনোজের দক্ষতা সকলের নজর কেড়েছিল। কিন্তু মুখ্যসচিবের অবসর ছিল দোরগোড়ায়।  প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রাজ্য সরকার মেয়াদ বৃদ্ধির আবেদন জানায়। সেই আবেদনেই সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

এই সিদ্ধান্তের ফলে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত রাজ্যের শীর্ষ আমলাতান্ত্রিক পদে কোনও পরিবর্তন হচ্ছে না। ফলে চলমান প্রশাসনিক কাজ, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে বলেই প্রশাসনিক মহলের একাংশের মত।