রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।  ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। এবার থেকে প্রতিদিন নিয়ম করে প্রকাশিত হবে ডেঙ্গি বুলেটিন। যা শুক্রবার থেকে শুরু হয়ে গেল।

 স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই বুলেটিনে জানানো হবে, কতটা বৃদ্ধি পেয়েছে? কতজন আক্রান্ত হয়েছেন? তার একটি সার্বিক চিত্র পাওয়া যাবে এই বুলেটিনের মাধ্যমে। ঠিক যেমন করোনার সময় রাজ্যে স্বাস্থ্য দফতর প্রতিদিন একটি বুলেটিন প্রকাশ করত।

 শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৬ জন। তথ্য অনুযায়ী মোট ৭১২২ জনের এলাইজা পদ্ধতিতে রক্ত পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে পজিটিভ হয়েছে ১৭৪ জন। তবে চলতি মরশুমে এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কত তা উল্লেখ করা নেই এই বুলেটিনে।

 যদিও স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চলতি ৩৬ সপ্তাহ শেষে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি। পূর্বতন সরকারের আমলে ডেঙ্গি সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করা হতো না। 

গত পয়লা সেপ্টেম্বর ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য দফতরে একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের স্বাস্থ্য দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহল।