পুজোর আগে চা শ্রমিকদের (Tea worker) জন্য একসঙ্গে একাধিক ঘোষণা। ২০ শতাংশ বোনাসের পর এ বার চা-বাগানে বসবাসকারী শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়ার কথাও জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। মঙ্গলবার জলপাইগুড়ির (Jalpaiguri) মূর্তি নদীর উপর সেতু উদ্বোধনের অনুষ্ঠানে চা-বলয়ের শ্রমিক ও তাঁদের পরিবারকে ঘিরে বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি। বন্ধ চা-বাগান খোলার উদ্যোগের কথাও এ দিন জানান মুখ্যমন্ত্রী।
চা-বাগান এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রের অনুমোদিত ৩১৩.৩০ কোটি টাকার প্রকল্পের কাজ হবে বলে জানান তিনি। পাশাপাশি চা-বাগানে থাকা শ্রমিকদের বাড়ির মালিকানা কী ভাবে দেওয়া হবে, কত পরিবার এই সুবিধা পাবে বা কবে থেকে প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে অবশ্য এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। পুজোর আগে ২০ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত আগেই ঘোষণা হয়েছিল। ডুয়ার্সের একাধিক বাগানে ইতিমধ্যেই বোনাস দেওয়ার কাজ শুরু হয়েছে।
চা-বলয়ের উন্নয়নের পাশাপাশি উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উপরও জোর দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি মূর্তি নদীর সেতুটি এ দিন উদ্বোধন করেন তিনি। আরও দু’টি সেতুর নির্মাণকাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। গত বছরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কালীখোলা সেতু পুনর্নির্মাণের অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
















