বিস্ফোরণ! আর তাতেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত বারুইপুরের তৃণমূল নেতার (Trinamool leader from Baruipur) দোতলা বাড়ি। ছাদের টিন ছিটকে গিয়ে পড়েছে প্রায় ১০০ মিটার দূরে। জানলা-দরজা ভেঙে যাওয়ার পাশাপাশি ক্ষতি হয়েছে পাশের কয়েকটি বাড়িতেও। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরভাগের লালপোল এলাকায় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের (Dwijen Mondal) বাড়িতে এই বিস্ফোরণ ঘিরে এখন একদিকে আতঙ্ক, অন্যদিকে একাধিক প্রশ্ন।
সবচেয়ে বড় স্বস্তি, ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল। তবে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের একাংশের দাবি, বিস্ফোরণের শব্দ বহু দূর থেকেও শোনা যায়। তার পর থেকেই এলাকায় শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন:
আরও পড়ুন: নজরে পড়ুয়াদের ভবিষ্যত: প্রধান শিক্ষক হেনস্থায় অভিযুক্তদের শুধু TC-র নির্দেশ শিক্ষামন্ত্রীর
সেই জল্পনাতেই নতুন মাত্রা দিয়েছে রাজনৈতিক অভিযোগ। দ্বিজেন মণ্ডলের বাড়িতে আগে বোমা মজুত করা হত বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ভোটের আগে বাড়িটিতে দুষ্কৃতীদের আনাগোনা এবং বিভিন্ন বৈঠক হওয়ার অভিযোগও তোলা হয়েছে। বিজেপির বারুইপুর পূর্ব ব্লক-২ মণ্ডল সভাপতি দীপঙ্কর কর্মকারের দাবি, ভোটের পরও মজুত বিস্ফোরক সরানো হয়নি। যদিও এই অভিযোগের পক্ষে এখনও কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি। দ্বিজেন নিজেও বর্তমানে এলাকায় নেই।
প্রাথমিক পর্যবেক্ষণে সিলিন্ডার বা সিলিন্ডার জাতীয় কোনও বস্তু থেকেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। দমকলও প্রাথমিক ভাবে বিস্ফোরক জাতীয় কোনও পদার্থের অস্তিত্ব পায়নি। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস (Atish Biswas, Additional Superintendent of Police, Baruipur Police District)। তবে পুলিশও নিশ্চিত নয়। ফরেনসিক দল (Forensic Team) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পরই জানা যাবে, রাতের ওই বিস্ফোরণ নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ।
















