সকালে স্বামী সাকির আলির গ্রেফতারের পর এবার অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর। পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই আগামিকাল বুধবার শ্রীরামপুর থানায় তাঁকে হাজিরার সমন পাঠানো হয়েছে।
মঙ্গলবার যখন NIA-র তরফে স্বামী রিষড়া পুরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সাকিরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে আগে থেকেই বিক্ষোভ চলছিল। গ্রেফতারির পর সাকিরকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় অপরূপা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশ তাঁকে গাড়ির কাছাকাছি যেতে বারণ করে, তখন তিনি জোর করেই গাড়ির সামনা সামনি যেতে চাইছিলেন। ঠিক সেই সময়ই পুলিশকে তিনি ধাক্কা দেন বলে একটি অভিযোগ দায়ের হয়েছে।
প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। এফআইআর রুজুর পর, তাঁকে আগামী কাল শ্রীরামপুর থানায়, হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।
২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রিষড়া। ইটবৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল। পরে সেই ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। এই মামলাতেই আজ সাকিরকে গ্রেফতার করা হয়েছে।
















