মাথায় হলুদ পাগড়ি, সমানে আদিবাসী নৃত্যগীত- পুরুলিয়ায় করম উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদিবাসী কুড়মি সমাজের আমন্ত্রণে রবিবার দুপুরে পুরুলিয়ার ১ নম্বর ব্লকের কাড়াডি মাঠে করম উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। কুর্মি সমাজের প্রথা অনুযায়ী, তাঁকে হলুদ পাগড়ি পরিয়ে স্বাগত জানানো হয়। তিনি জানান, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী এই উৎসবে যোগ দিচ্ছেন।

মাস খানেক আগেই কুর্মি সমাজের তরফে করম পরবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। নবান্নে (Nabanna) তাঁর সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানান আদিবাসী কুর্মি সমাজের নেতা অজিত মাহাত (Ajit Mahata), বিধায়ক বিশ্বজিৎ মাহাতরা। অনুষ্ঠানে যাওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। সেইমতো রবিবার আকাশপথে কলকাতা থেকে অন্ডাল হয়ে পুরুলিয়ার কড়াডি ময়দানে পৌঁছন শুভেন্দু। প্রায় ৪০ হাজার মহিলা ঝুমুরশিল্পী নাচের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। কুর্মিদের ঐতিহ্যবাহী হলুদ পাগড়ি ও উত্তরীয় পরিয়ে তাঁকে মঞ্চে বরণ করে নেন অজিত মাহাত, জ্যোতির্ময় সিং মাহাতরা।   

করম উৎসবে যোগ দিয়ে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী বলেন, “কোনও মুখ্যমন্ত্রী এই প্রথমবার আপনাদের এই উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেলেন, যা আমার একটি পরমপ্রাপ্তি“৷ অনুষ্ঠান সেরে সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকের পরে রবীন্দ্র ভবনে নাগরিক সম্মেলনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর।