বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন থেকে শুরু করে জলসম্পদ ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডিভিসি ও রাজ্য সরকারের সমন্বয় আরও বাড়াতে বৈঠক করলেন ডিভিসির চেয়ারম্যান রাজেশ পাণ্ডে (DVC Chairman Rajesh Pandey) এবং মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Chief Secretary Manoj Kumar Agarwal)। বৈঠকে ডিভিসির বর্তমান প্রকল্প, ভবিষ্যৎ সম্প্রসারণ এবং রাজ্যের সঙ্গে যৌথ উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
ডিভিসির ‘DVC@2030’ কর্মসূচির আওতায় আগামী দিনের সম্প্রসারণ পরিকল্পনাও বৈঠকে তুলে ধরেন রাজেশ পাণ্ডে। সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন, সঞ্চালন এবং বণ্টন পরিকাঠামোর দক্ষতা বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়। পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বর্ষাকালে জলাধার পরিচালনা, জল সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণে ডিভিসি ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষত জলসম্পদের কার্যকর ব্যবস্থাপনার জন্য দুই পক্ষের মধ্যে নিয়মিত সমন্বয় বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
দামোদর উপত্যকার দীর্ঘমেয়াদি উন্নয়নের পাশাপাশি দেশের বিদ্যুৎ পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে যৌথভাবে কাজ করার বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে। বিদ্যুৎ, জলসম্পদ ও বন্যা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভবিষ্যতেও সমন্বয় বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
















