পুজোতে তারা আগ্রহী এমনটা আগে জানা যায়নি। তবে, বাম আমলে পুজোয় বাধাও ছিল না। কিন্তু সেই বামেদের শ্রমিক ইউনিয়ন CITU অনুমোদিত সংগঠনকে বিশ্বকর্মাপুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল হলদিয়া রিফাইনারিতে। শেষে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) অনুমতি দিল পুজো করার। 

শুক্রবার বিশ্বকর্মাপুজো। হলদিয়ার IOC গেটে সামনে পুজো করা অনুমতি চায় CITU অনুমোদিত শ্রমিক সংগঠন। হলদিয়া বন্দর কর্তৃপক্ষ অনুমতি দিলেও প্রথমে এই পুজোর অনুমতি দেয়নি পুলিশ। বিশ্বকর্মাপুজো করার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা করে সিটু। 

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের শুনানিতে শ্রমিক সংগঠনকে বিশ্বকর্মাপুজো করার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

এর পরেই আইনজীবী তথা গত বিধানসভা নির্বাচনে বামেদের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “এটাই রাজ্য সরকারের দ্বিচারিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলেছেন যাতে বামেরা নবান্নে গিয়ে পুষ্পাঞ্জলি দেয়। অন্যদিকে, হলদিয়াতে শুভেন্দুবাবুর পুলিশ অনুমতি দিচ্ছে না কারণে এই পুজোয় CITU যুক্ত বলে। এটা তো দ্বিচারিতা। ধর্ম পালন সাংবিধানিক অধিকার। আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা শুনে IC-কে নির্দেশ দেন ২৪ ঘণ্টার মধ্যে পুজো অনুমতি দিতে হবে। কিন্তু প্রশ্ন হল, একদিকে রাজ্যের প্রশাসন পুজো করার জন্য এত কিছু বলছে, অন্যদিকে সেই পুজো করার জন্যই অনুমতি নিতে হচ্ছে।”