একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানোর পাশাপাশি পুলিশি হুমকির বিরুদ্ধে এবার রেজিনগর থানার সামনে ধর্নায় বসলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা জানিয়েছেন, রেজিনগরে উপনির্বাচনের আগে ক্রমাগত তাঁর দলের নেতা কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। অবিলম্বে পুলিশি মামলা প্রত্যাহার করার দাবিতে থানার সামনেই ধর্না কর্মসূচি শুরু করলেন তিনি।
হুমায়ুন জানিয়েছেন, আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ভোট লুটের চেষ্টা করা হবে। কিন্তু তিনি সেটা হতে দেবেন না।ছাব্বিশের নির্বাচনে হুমায়ুন নওদা ও রেজিনগর আসন থেকে জয়লাভ করলেও পরবর্তীতে রেজিনগর ছেড়ে দেন। যার ফলে পুজোর আগেই সেখানে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। এখান থেকে লড়বেন হুমায়ুনের ছেলে গোলাম নবি আজাদ। প্রার্থী ঘোষণা হতেই AJUP-এর একের পর এক নেতাকর্মীকে পুরনো ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন নওদার বিধায়ক। তিনি বলেন, “বিজেপির কথায় পুলিশ আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে অবিলম্বে বেলডাঙা, রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ আধিকারিকদের বদলির দাবি জানাছি।এই দালালি বন্ধ না হলে অনিদিষ্টকালের জন্য ধর্না চলবে। ভোট লুট করে জেতার চেষ্টা করছে। এই ভোট লুট জীবন দিয়েও রুখব আমি।”
এর আগে গত সেপ্টেম্বর মাসে শক্তিপুর থানার সামনে ধর্নায় বসেছিলেন হুমায়ুন। এবার বসলেন রেজিনগর থানার সামনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে শুক্রবার সকাল পর্যন্ত তাঁর এই কর্মসূচি চলবে। পুলিশের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
















