দফায় দফায় বৃষ্টিতে (Rain) বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা, জানিয়ে দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেম ঘূর্ণিঝড়ের আকার না নিলেও অতি গভীর নিম্নচাপ হয়ে আলিপুর আবহাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে বুধবার গভীর রাতে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিম দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। যার জেরে এদিন সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। শুক্রবার পর্যন্ত পরিস্থিতির খুব একটা বদল হবে না। 

এদিন সকাল থেকেই কলকাতায় কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই তিন জেলার পাশাপাশি ঝাড়গ্রামেও কমলা সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকবে। রাত থেকে বৃষ্টি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। দিনভর বৃষ্টি দুর্যোগ চলবে বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়াতে।শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

লক্ষ্মীবারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির পাশাপাশি উত্তর দিনাজপুরের কিছু অংশেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। থাকছে কমলা সতর্কতাও। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।