পুজোর আগে নিউটাউনের (Newtown) শপিং মলে ভয়াবহ ছুরি হামলার অভিযোগ। বুধবার বিকেলে মলের ভিতরেই দুই বন্ধুর উপর ছুরি নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই হামলা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’জন। অভিযুক্ত যুবককে আটক করেছে টেকনো সিটি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন বন্ধু শপিং মলে বসে ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। আচমকাই তাঁদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, কথা কাটাকাটির মধ্যেই এক যুবক ব্যাগ থেকে ছুরি বের করে তাঁর এক বন্ধুর উপর হামলা চালান। গলা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে ওই যুবকের। তাঁকে বাঁচাতে এগিয়ে আসা আরও এক বন্ধুকেও ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় দু’জনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, মলের ভিতরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ত্রিকোণ প্রেমের বিষয়টি সামনে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। তবে ঠিক কী নিয়ে বচসা এবং কীভাবে তা ছুরি হামলার পর্যায়ে পৌঁছল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
















