বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) বুধবার মন্ত্রিসভার বৈঠকে দফতর ধরে ধরে যখন কাজের অগ্রগতির সংক্রান্ত আপডেট নিচ্ছিলেন, তখন নাকি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee) এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) রাস্তায় না নেমে দফতরে বসে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলার প্রথম সারির জনপ্রিয় এক সংবাদপত্রে (ডিজিটাল সংস্করণে) এ খবর প্রকাশিত হতেই তড়িঘড়ি গোটা বিষয়টিকে ভুয়ো বলে দাবি করল নবান্ন। সেই খবরের ক্লিপিং শেয়ার করে, তাকে 'ফেক নিউজ' আখ্যা দিয়ে রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অগ্নিমিত্রা স্বয়ং।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর রাজ্যে প্রথমবারের জন্য বিজেপি সরকার গড়তেই পুরমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা। শপথ গ্রহণের পর থেকে প্রায় প্রতিদিনই রাস্তায় নেমে শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করতে দেখা গেছে তাঁকে। কখনও সেগুলো প্রশংসিত হয়েছে কখনও বিতর্কের জন্ম দিয়েছে। তা সে পার্ক স্ট্রিটের দুধ কাণ্ড হোক বা বাজারে গিয়ে সাইকেল সরানোর নির্দেশ। কখনও পথ নিরাপত্তার নামে মাইক হাতে হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা, আবার কখনও বিতর্কের চাপে ফুটপাথবাসীকে রাখি পড়াতেও দেখা গিয়েছে মন্ত্রীকে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও সম্প্রতি জনসংযোগে মন দিতে রাস্তায় নেমেছেন। পরিষেবার মান খতিয়ে দেখতে যখন তখন হানা দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এর মাঝেই আবার দলীয় বিধায়কের সঙ্গে কোন্দলে জড়িয়ে পড়ার ঘটনাও প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এইসব কার্যক্রমের জেরে আখেরে আমজনতার মধ্যে বিজেপি প্রশাসন ও মন্ত্রীদের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে।সেই আবহে বুধবার খবর রটে, যে মুখ্যমন্ত্রী নাকি রাজ্যের সংশ্লিষ্ট দুই মন্ত্রীর অতি সক্রিয়তাকে খুব একটা ভালো চোখে দেখছেন না। সেই কারণেই মন্ত্রিসভার বৈঠকে তিনি অগ্নিমিত্রা ও শারদ্বতকে রাস্তায় না নেমে দফতরে বসে কাজ করার পরামর্শ দিয়েছেন।
বাংলার প্রথম সারির জনপ্রিয় সংবাদপত্রিকার ডিজিটাল সংস্করণে সে খবর ছড়িয়ে পড়তেই পাল্টা বিবৃতি দিল মুখ্যমন্ত্রীর দফতর। জানিয়ে দেওয়া হয়, এই খবর ভুয়ো। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে মিডিয়া যাতে সত্যতা যাচাই করে নেয় সে পরামর্শও দেওয়া হয়েছে নবান্নের তরফে। রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ CMO-এর সেই পোস্ট শেয়ার করেন অগ্নিমিত্রা নিজেই।
















