ফের হাইভোল্টেজ নন্দীগ্রামে নির্বাচন ( Nandigram Election)। পূর্ব মেদিনীপুরের এই বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) আসন ছেড়ে দেওয়ায় এই নির্বাচন হতে চলেছে। কোন দল কাকে এই কেন্দ্র থেকে প্রার্থী করছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছে শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের ( Chandranath Rath) মা হাসিরানি রথের (Hasi Rani Rath) নাম।
আরও পড়ুন: ক্ষমতায় এসেই উল্টো সুর! টেটের কোপে ৯০ হাজার কর্মরত শিক্ষক, প্রশ্নের মুখে বিজেপির প্রতিশ্রুতি
নন্দীগ্রামের ( Nandigram) রাজনীতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন চন্দ্রনাথ রথ। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের আগেই মে মাসে আততায়ীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। চন্দ্রনাথের মা হাসিরানী রথও দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে তাঁকে প্রার্থী ( Candidate) করা হতে পারে বলে বিজেপির ( BJP) অন্দরে আলোচনা শুরু হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেনি বিজেপি। এর মধ্যেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিরানি রথ জানিয়েছেন, দল চাইলে তিনি নন্দীগ্রামের দায়িত্ব নিতে প্রস্তুত। তাঁর বক্তব্য, “ আমরা বরাবর বিজেপি করে থাকি। তাই আমরা জানি বিজেপিতে ব্যক্তির চেয়ে সংগঠনই গুরুত্বপূর্ণ। দল এবং মুখ্যমন্ত্রী তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নিলে তিনি নির্বাচনী ময়দানে নামতে রাজি।” হাসিরানির কথায়, নন্দীগ্রাম আসনের জন্য তাঁর নাম নিয়ে আলোচনা চলছে, এমন কথা তিনিও শুনেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের নেতৃত্বই নেবে বলে জানিয়েছেন তিনি। দলের নির্দেশ পেলে নন্দীগ্রামের দায়িত্ব পালন করতে প্রস্তুত বলেও স্পষ্ট করেছেন হাসিরানী।
অন্যদিকে, উপনির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই নন্দীগ্রামে বিজেপির সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। রেয়াপাড়ায় শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকও হয়েছে। যদিও সেই বৈঠকের পরও প্রার্থীর নাম নিয়ে প্রকাশ্যে কোনও ঘোষণা করা হয়নি।
নন্দীগ্রাম বরাবরই রাজ্যের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে বিজেপির হয়ে লড়াই করে জয় পান শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় এই আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়। এখন প্রশ্ন, শুভেন্দুর ছেড়ে যাওয়া আসনে শেষ পর্যন্ত বিজেপি কাকে প্রার্থী করে। চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের নাম সেই দৌড়ে জোরালোভাবে উঠে এলেও এখনও পর্যন্ত চূড়ান্ত সিলমোহর পড়েনি। ফলে নন্দীগ্রামের উপনির্বাচনে পদ্ম শিবিরের মুখ কে হন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
















