পোস্টার, স্লোগান, দেওয়াল লিখন থেকে ছাত্র-অশান্তি— একের পর এক বিতর্কে বারবার খবরের শিরোনামে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। সেই আবহেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। সরিয়ে দেওয়া হল যাদবপুরের রেজিস্ট্রার (Registrar)  সেলিম বক্স মণ্ডলকে। তাঁর জায়গায় আগামী ছ’মাসের জন্য রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক দেবজিৎ দত্তকে। একই সঙ্গে ফিনান্স অফিসার পদেও আনা হয়েছে বদল। ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়কে।

সূত্রের খবর, চলতি বছর অক্টোবরের শেষেই অবসর নেওয়ার কথা ছিল সেলিম বক্স মণ্ডলের। তার প্রায় দেড় মাস আগেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে উঠছে নতুন জল্পনা। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল আর এন রবির তরফে এ বিষয়ে উচ্চশিক্ষা দফতরে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে রেজিস্ট্রারকে সরানোর কারণও উল্লেখ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।  

এই বদলের পিছনে সাম্প্রতিক সময়ে যাদবপুরের অশান্ত পরিস্থিতির কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। দিন পনেরো আগেই জিবি মিটিংকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন ও এবিভিপির মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যাম্পাস। সেই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরকে ঘিরে ‘দেশবিরোধী’ তকমা নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। 

সেই সময়ই রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে ঘিরে নানা প্রশ্ন তুলেছিলেন শাসকদল ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজন অধ্যাপক। তাঁকে নিয়ে সমালোচনাও হয়েছিল। এর কয়েক দিনের মধ্যেই রেজিস্ট্রার পদ থেকে তাঁর অপসারণের নির্দেশ সামনে এল। তবে কি কারণে সেলিম বক্স মণ্ডলকে দায়িত্ব থেকে সরানো হয়েছে  তা এখনও স্পষ্ট নয়। 

যদিও প্রশাসনিক সূত্রে খবর, পুরো প্রক্রিয়াটিই নিয়ম মেনেই হয়েছে। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের সিদ্ধান্ত অনুযায়ী আইন মেনেই রেজিস্ট্রারকে সরানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে অবসরের এত অল্প সময় আগে কেন তাঁকে সরানো হল, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।