রবিবার সকাল। ছুটির দিনে আচমকাই থমকে গেল হাওড়া-বর্ধমান কর্ড লাইনের (Howrah-Bardhaman Chord Line) ট্রেন পরিষেবা। হাজিপুর স্টেশনের রেলগেটের (Hajipur Station Railway Crossing) কাছে রেললাইনের উপর বালিবোঝাই একটি লরি বসে যাওয়ায় বিপত্তি। লরিটি সরানো না পর্যন্ত আপ-ডাউন দু’দিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পর পর দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। সকালবেলার যাত্রীদের মধ্যে ছড়ায় চরম দুর্ভোগ।
রেল সূত্রের খবর, সকালে রেলগেট পার হওয়ার সময় আচমকাই বিকল হয়ে যায় লরিটি। লাইনের মাঝখানে আটকে পড়ায় চালকের চেষ্টাতেও সেটিকে সরানো সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলপুলিশ ও রেলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে কিছু সময়ের জন্য রিভার্স লাইন ব্যবহার করে ট্রেন চালানোর চেষ্টা করা হয়। তারপরই ক্রেন এনে লরিটি সরানোর কাজ শুরু হয়। তবে ততক্ষণে তিনটি লাইনেই ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পৌনে ১২টা নাগাদ রেললাইন থেকে লরিটিকে সরানো সম্ভব হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, ব্রেকডাউনের কারণে লরিটি লাইনের মাঝখানে আটকে পড়েছিল। সেটিকে সরানোর পর ফের ট্রেন চলাচল শুরু হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় কর্ড লাইনের পরিষেবা।















