রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের এক প্রস্থ রদবদল ঘটাল নবান্ন। কৃষি, দমকল, ভূমি ও ভূমি সংস্কার এবং অর্থ দফতরের মতো একাধিক গুরুত্বপূর্ণ দফতরের সচিব পর্যায়ে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। মঙ্গলবার রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্থ দফতরের সচিব পদে কর্মরত দেবী প্রসাদ করণমকে কৃষি দফতরের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন কৃষি দফতরের প্রধান সচিব হিসেবে দায়িত্ব সামলানো ওঙ্কার সিং মীনাকে দমকল ও জরুরি পরিষেবা দফতরের প্রধান সচিব পদে পাঠানো হয়েছে।
অন্য দিকে, সুরেন্দ্র গুপ্তকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। তবে তিনি আগের মতো ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের অতিরিক্ত দায়িত্বও একযোগে সামলাবেন।
প্রশাসনিক এই পরিবর্তনের পাশাপাশি অর্থ দফতরেও গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনার তথা ইন্সপেক্টর জেনারেল পবন কাদিয়ানকে অর্থ দফতরের বাজেট শাখার সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। পাশাপাশি ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টসের ডিরেক্টর, পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্স্যুরেন্সের ডিরেক্টর এবং রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনারের দায়িত্বও তাঁর হাতে বহাল থাকছে।
নবান্ন সূত্রের খবর, জনস্বার্থে প্রশাসনিক কাজের গতি ও সমন্বয় বাড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আধিকারিকেরা এই দায়িত্বেই কাজ চালিয়ে যাবেন।
















