অ্যাক্রিডিটেশন কার্ড না থাকলেও, পাওয়া যাবে সাংবাদিকদের জন্য নির্ধারিত সরকার পেনশন। সাংবাদিক তথা তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি মেনে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার, নবান্ন সভাগৃহে আয়োজিত অনুষ্ঠান থেকে সাংবাদিকদের পেনশন নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, এই প্রকল্পের আওতায় যাঁদের অ্যাক্রিডিটেশন কার্ড নেই, ডেস্কে কর্মরত, তাঁরাও পেনশন পাবেন। এই ঘোষণায় খুশি ডেস্কে বা অ্যাঙ্কর হিসেবে কাজ করে সাংবাদিকরা। তাঁর প্রসঙ্গ উত্থাপনের পরে এই সরকারি প্রকল্পের অন্তর্ভূক্ত হয়ে কুণালকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
রাজ্য বাজেটের জবাবি ভাষণে ২৪ জুন বেলেঘাটার বিধায়ক কুণাল বিধানসভায় বলেন, সংবাদ মাধ্যমের (News Media) ডেস্কে কাজ করা সংবাদকর্মীদেরও (Journalist) এই স্কিমে অন্তর্ভুক্ত করা হোক। কুণালের কথায়, সরকারি ক্ষেত্রে প্রবেশের সুবিধার জন্য একটি কার্ড রিপোর্টারদের (Reporter) দেওয়া হয়। ওঁরা যে রকম খবর সংগ্রহ করে নিয়ে আসেন, তেমন ডেস্কে বসে সংবাদপত্র বা চ্যানেলটা চালান ডেস্কের সংবাদকর্মীরা। সুতরাং যদি কার্ডের ভিত্তিতে পেনশনের ব্যবস্থা করা হয়, অর্থাৎ শুধু অ্যাক্রিডেয়েশন কার্ড (Accreditation Card) থাকা সাংবাদিকরাই যদি পেনশন পান- তাহলে আরেকটা অংশ যাঁরা সংবাদকর্মী তাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে (Swapan Dasgupta) অনুরোধ করেন, "মাননীয় অর্থমন্ত্রী আপনিও একসময় সাংবাদিকতা করেছেন। এই বিষয়টি আপনাকে ভেবে দেখার অনুরোধ করব।"
এর পরে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এখন থেকে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে ২৫০০ হাজারের বদলে ৫০০০ টাকা পেনশন দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু ঘোষণা, যাঁদের অ্যাক্রিডিটেশন কার্ড নেই, ডেস্কে কর্মরত, তাঁরাও পেনশন পাবেন।
কুণাল বিষয়টি বিধানসভা উত্থাপন করার পরেই রাজ্য সরকারের এই পদক্ষেপে আপ্লুত ডেস্কে কর্মরত সাংবাদিকরা। সুবর্ণপ্রতিম গিরি জানান, “কুণালদার এই উদ্যোগকে কুর্নিশ। তাঁর বিধানসভার ভাষণের জেরেই আমাদের মতো ডেস্কে কর্মরত সাংবাদিকরাও রাজ্য সরকারি পেনশন পাবে।“ বর্ষীয়ান সাংবাদিক সমীর ঘোষ এই ঘোষণায় খুশি। কুণালের ভূমিকার প্রশংসা করেন তিনি। আরেক নিউজ অ্যাঙ্করের তথা ডেস্ক কপি অ্যাডিটরের কথায়, আমাদের কথা যে উনি বিধানসভাতে গিয়েও মনে রেখেছেন, সেজন্য কুণাল ঘোষকে ধন্যবাদ।
















