পেটের টানে সুদূর কেরলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে আর ফেরা হল না দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে গঙ্গাসাগরের মনসাদ্বীপ এলাকার বাসিন্দা সুব্রত ভূঁইয়ার। মঙ্গলবার শোকস্তব্ধ ওই পরিবারের সঙ্গে দেখা করে সব রকম পাশে থাকার বার্তা দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সংসারের আর্থিক টানাপড়েন মেটাতে কিছুদিন আগে কেরলে গিয়েছিলেন সুব্রত। সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। কাজ চলাকালীন আচমকাই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউ-তে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ওই শ্রমিক।

সুব্রতর মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই পরিবারে কান্নার রোল পড়ে। খবর পেয়ে মঙ্গলবার শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে মনসাদ্বীপে যান সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম হাজরা। স্বজনহারা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিধায়ক জানান, ব্যক্তিগত স্তরে পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রয়াত সুব্রতর ছোট ছেলের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এক যুবকের এমন অকালমৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।