বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। মমতা শিবির বা ঋতব্রত শিবির কেউই আগামী উপনির্বাচনে ঘাস ফুলের প্রতীক ব্যবহার করতে পারবেন না। আজ( শুক্রবার) বিকল্প প্রতীকের নাম জানাতে হবে তৃণমূলের দুই শিবিরকেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ।
সমাজমাধ্যমে কুণাল পোস্ট করে লিখেছেন, “দিদিই লড়াই। দিদিই প্রতীক।” সৈনিক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তাঁর পিছনে রয়েছে ত্রিনয়ন দুর্গা । নির্বাচন কমিশন যখন প্রতীক ফ্রিজ করার কথা ঘোষণা তৃণমূলের তার কয়েক ঘণ্টার মধ্যেই কুণালের এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রতীক যাই হোক না কেন তৃণমূল কংগ্রেস মানেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা একবার বুঝিয়ে দিয়েছেন কুণাল ঘোষ।
নিজের হাতে তৃণমূল দল গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই দলের প্রতীক আপাতত ফ্রিজ করা হয়েছে। যা নিয়ে দেশে সর্বত্র নিন্দা ঝড়। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলই এই ইসুতে তৃণমূলের পাশে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীক যেভাবে ফ্রিজ করা হয়েছে তা নিয়ে প্রতিবাদের সরব হয়েছেন বিরোধীরা। ঋতব্রত তৃণমূল এবং মমতা পন্থী তৃণমূল উভয় ঘাস ফুলের প্রতীকটি নিজেদের বলে দাবি করে আসছিল।
নির্বাচন কমিশন আজ সকাল ১১টার মধ্যে উভয় শিবিরকেই তাদের দলের নামের জন্য তিনটি বিকল্প প্রতীক জমা দিতে নির্দেশ দিয়েছে। সেখান থেকে একটি প্রতীক বেছে নেবে কমিশন। সেই প্রতীকে ভোটে লড়বে মমতা পন্থী ও ঋতব্রত গোষ্ঠী তৃণমূল। সামনেই রাজ্যের দুটি কেন্দ্রে উপনির্বাচন ইতিমধ্যে মনোনয়ন দাখিল করেছে প্রার্থীরা। কিন্তু তৃণমূলের ঘাসফুলের প্রতীক লড়তে পারবে না কোন প্রার্থী। মমতা পন্থী তৃণমূল নতুন কোন প্রতীক বেছে নেয় সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।
















