ডেঙ্গি (Dengue) নিয়ে নয়া উদ্বেগ! দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের বৈঠকের পর এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান বলছে, চলতি মরশুমে বঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজারের বেশি। প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলা (Murshidabad)। সেখানে সংক্রমিত অন্তত ৮৭০ জন। স্বাস্থ্য দফতরের (health department) রিপোর্ট অনুযায়ী কলকাতায় এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্ত ৪০২। সংক্রমনের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহানগরী (Kolkata)।

রবিবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। মুর্শিদাবাদ ও কলকাতার পরে তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় সংক্রমিত ৩৪৬ জন। এরপর যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা মালদহ ও নদিয়া জেলা রয়েছে। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির উপর নজর রাখার জন্য ইতিমধ্যেই জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যাতে অপরিষ্কার জল না জমে থাকে সেদিকে নজর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভবন ও বিভিন্ন পুরনিগম এবং পরিবহন দফতরের পক্ষ থেকে বাস ডিপো ও হাসপাতাল সংবেদনশীল এলাকাগুলিতে নিয়মিত নজরদারি ও সাফাই অভিযান চলছে। মশা বাহিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে সরকারি স্কুলগুলোতে হাত পা ঢাকা পোশাক পরার নির্দেশিকা জারি হয়েছে। যদিও স্বাস্থ্যমন্ত্রীর এই পদক্ষেপের পর তুমুল সমালোচনা হচ্ছে সর্বত্র।

 গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে মেগা স্বচ্ছতা অভিযান চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নির্দেশ দিয়েছেন কারোর জ্বর বা ডেঙ্গির উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষা করাতে হবে। এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ফলো আপ কিট এবং পরিষেবা প্রদান করা হচ্ছে।