মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করার পরেই পুরনো খুনের মামলায় প্রার্থী মিলনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার, কংগ্রেস প্রার্থীকে হলদিয়া আদালতে হাজির করানো হতে পারে। শুক্রবার, নাম-প্রতীক ফ্রিজ, নতুন প্রতীক ও দলের নাম ঘোষণার মধ্যেই নন্দীগ্রাম উপনির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন মমতা তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এর পরেই সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবেন তাঁরা। আর তার পরেই গ্রেফতার মিলন। 

দল-প্রতীক হাতছাড়া হয়েছে। মিলেছে নতুন নাম ও প্রতীক। কিন্তু তার পরেই নন্দীগ্রামের উপনির্বাচন থেকে প্রার্থীপদ প্রত্যাহার করেন সঞ্চিতা দে প্রধান। শুক্রবার দিনের শেষে কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করে নন্দীগ্রামে উপনির্বাচনে (Nandigram By-Election) ‘সিস্টার পার্টি’ কংগ্রেসের (Congress) প্রার্থীকে সমর্থনের ঘোষণা করেন মমতা। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই টুইস্ট।

পুরনো একটি খুনের মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর,  ওয়ারেন্টও বেরিয়েছিল তাঁর নামে। শুক্রবার তার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের মামলায় নাম জড়িয়েছিল মিলনের। সেই মামলায় শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়। হলদিয়া আদালতে হাজির করানো হতে পারে। শনিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা জানানোর পরেই এই গ্রেফতারি ঘিরে তীব্র জল্পনা।