পশ্চিমবঙ্গের পর্যটনকে (Tourism in West Bengal) নতুন করে সাজাতে একগুচ্ছ বড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে’ এই নতুন স্লোগানের মাধ্যমে শুক্রবার কলকাতার ধনধান্যে প্রেক্ষাগৃহে রাজ্যের পর্যটন দফতরের লোগো প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী- সহ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর বার্তা, বাংলার বিপুল পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে দেশ বিদেশের পর্যটকদের কাছে রাজ্যকে আরও আকর্ষণীয় করে তোলা হবে। সেই লক্ষ্যেই পর্যটন খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন তিনি।

রাজ্যের পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে নদীপথ সব ক্ষেত্রেই পর্যটনের নতুন সম্ভাবনা তৈরির রূপরেখা দিয়েছেন তিনি। সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত টুরিস্ট লজগুলিকে (Tourist Lodge) ঢেলে সাজানোর পাশাপাশি কলকাতায় ওয়াটার মেট্রো (Water Metro) চালুর সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গঙ্গার বুকে নতুন পর্যটন পরিষেবা গড়ে তোলা এবং পর্যটকদের ঘোরার সুবিধার জন্য অত্যাধুনিক বোট চালানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। একই সঙ্গে মন্দারমণিকে (Mandarmani) গোয়ার (Goa) মত করে সাজিয়ে আন্তর্জাতিক মানের সমুদ্র পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যও সামনে রেখেছে রাজ্য। এছাড়াও তিনি বলেন, "একসময় 'ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ' (Destination West Bengal) নাম ছিল। কিন্তু পরবর্তীতে রাজ্যের প্রাণীসম্পদসহ পর্যটনের সম্ভাবনাগুলি নষ্ট করা হয়েছে। আমাদের রাজ্যের ওপর দিয়েই পর্যটকরা সিকিম চলে যান। এই পরিস্থিতির পরিবর্তন আনতেই আমরা এবার বিশেষ পদক্ষেপ নিচ্ছি।"

সুন্দরবনকে কেন্দ্র করে আলাদা পর্যটন ভাবনার কথাও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। পরিবেশ রক্ষা ও পর্যটনের বিকাশকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে চলতি বছরে ২০ লক্ষ ম্যানগ্রোভ (Mangrove) বসানোর কথা ঘোষণা করেছেন তিনি। লক্ষ্য, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশকে আরও শক্তিশালী করার পাশাপাশি এলাকাটিকে পর্যটনের অন্যতম বড় কেন্দ্র হিসেবে তুলে ধরা। অন্যদিকে উত্তরবঙ্গের পর্যটন ও বনাঞ্চলের আকর্ষণ বাড়াতে আগামী ২ অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পে (Buxa Tiger Reserve) বাঘ ছাড়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, "‘Born to lead, ready to rise’ - এই বিশ্বাস নিয়ে আমরা গত তিন মাস ধরে মুখ্যমন্ত্রীর ভরসায় বিশ্বমানচিত্রে বাংলাকে তুলে ধরতে কাজ করছি। এই লোগো উন্মোচন রাজ্য পর্যটনের এক নতুন দিগন্তের সূচনা।"

মুখ্যমন্ত্রীর এই একের পর এক ঘোষণায় স্পষ্ট, শুধু নতুন লোগো বা স্লোগানে নয়, পরিকাঠামো ও নতুন প্রকল্পের হাত ধরে পশ্চিমবঙ্গের পর্যটনকে নতুন পরিচয়ে তুলে ধরতেই এগোতে চাইছে রাজ্য সরকার। নদীপথ, বনাঞ্চল, সমুদ্রসৈকত এবং পাহাড় বাংলার বৈচিত্র্যময় পর্যটন সম্পদকে এক ছাতার তলায় এনে রাজ্যকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত করাই এখন সরকারের লক্ষ্য।