নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁর ছেলে ও পুত্রবধূ। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার কুণ্ডপুষ্করিণী গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বেলি রুইদাস (৭৬)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুণ্ডপুষ্করিণী গ্রামের বাসিন্দা বেলি রুইদাস তাঁর ছেলে ও পুত্রবধূর সঙ্গে মাটির বাড়িতে বাস করতেন। মঙ্গলবার রাতে এলাকায় ভারী বৃষ্টি চলাকালীন আচমকাই মাটির ঘরের একটি দেওয়াল আলগা হয়ে ধসতে শুরু করে। বিষয়টি আঁচ করতে পেরে বৃদ্ধার ছেলে ও পুত্রবধূ দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন এবং গোয়ালে থাকা গবাদি পশুদের বের করার চেষ্টা চালান। কিন্তু ঘরের ভিতরে থাকা ওই বৃদ্ধাকে এবং একটি গরুকে নিরাপদে বাইরে নিয়ে আসার আগেই দেওয়ালটি সম্পূর্ণ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মাটির স্তূপের নিচে চাপা পড়ে যান বৃদ্ধা।
পরে প্রতিবেশীরা ছুটে এসে ধ্বংসস্তূপ সরিয়ে বেলি রুইদাসকে উদ্ধার করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহটি উদ্ধার করে। অসম্পূর্ণ পাকা বাড়িটির কাজ শেষ করার মতো পর্যাপ্ত অর্থ সাহায্য পেলে এমন করুণ পরিণতি দেখতে হতো না বলে আক্ষেপ করছেন মৃতার পরিবার ও গ্রামবাসীরা।
















