নতুন নিয়োগের দরজা খুলে দেওয়ার পাশাপাশি কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন দফতরে মোট ১৪ হাজার ৪৫৪টি নতুন পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য, বিচার, বন, দমকল, কারা, মহিলা ও শিশুকল্যাণ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ফরেন্সিক বিজ্ঞানাগার ও গ্রন্থাগার-সহ একাধিক দফতরে এই নিয়োগ হবে। চলতি অর্থবর্ষেই নতুন ও ইতিমধ্যে শুরু হওয়া নিয়োগ মিলিয়ে এক লক্ষ চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সরকারি দফতর ও প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা-সহ নিত্য পরিষেবার কাজে যুক্ত কর্মবন্ধুদের মাসিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। অক্টোবর থেকেই বর্ধিত ভাতা কার্যকর হবে।
আরও পড়ুন: বিয়ের কার্ড ছাপানো হয়েও হয়নি বিয়ে! পাত্রীপক্ষের প্রতারণা মেনে নিতে পারেননি কিশোর কুমার
নতুন পদগুলিতে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, চলতি অর্থবর্ষের মধ্যেই ইতিমধ্যে শুরু হওয়া এবং নতুন নিয়োগ মিলিয়ে মোট এক লক্ষ চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। তাঁর বক্তব্য, ওবিসি সংরক্ষণ-সহ একাধিক আইনি জটিলতার কারণে আগের সরকারের সময় নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হয়েছিল। সেই জট কাটিয়ে এখন নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা হয়েছে। ইতিমধ্যেই ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া এগিয়েছে। আগামী ১১ অক্টোবর প্রথম দফায় কয়েক হাজার নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র ও ইউনিফর্ম তুলে দেওয়া হবে। মেডিক্যাল পরীক্ষা ও নথি যাচাই সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে বাকিদেরও নিয়োগপত্র দেওয়া হবে।
কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের হস্টেলে থাকা পড়ুয়াদের মাসিক খাদ্য ভাতা ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। নভেম্বর থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে। মুখ্যমন্ত্রী জানান, এর আগে মিড-ডে মিল, আইসিডিএস এবং সরকারি হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দও বাড়ানো হয়েছে। সেই ধারাবাহিকতাতেই হস্টেলবাসী পড়ুয়াদের খাদ্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণা! চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
এদিকে, পিএসসি এবং এসএসসির স্থগিত পরীক্ষাগুলিও ধাপে ধাপে করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, শুধু নতুন নিয়োগের ঘোষণা নয়, ইতিমধ্যে ঘোষিত নিয়োগগুলির দ্রুত বাস্তবায়নের উপরও জোর দিচ্ছে সরকার। নতুন পদে নিয়োগ, পুলিশ কনস্টেবল নিয়োগের অগ্রগতি এবং বিভিন্ন শ্রেণির কর্মী ও পড়ুয়াদের আর্থিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে একাধিক ক্ষেত্রে একসঙ্গে পদক্ষেপ করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।















