সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে এবং এলাকার সমস্যা মেটাতে এক অভিনব পদক্ষেপ করল গ্রামীণ পুলিশ। এবার থেকে সপ্তাহের নির্দিষ্ট দু’দিন সরাসরি ফোন করে উচ্চপদস্থ পুলিশকর্তাদের নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। জেলা পুলিশের সুপার থেকে শুরু করে প্রতিটি থানার আইসি, ওসি এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে ফোনে সরাসরি কথা বলার এই ব্যবস্থা চালু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে এই নয়া উদ্যোগটি গ্রহণ করেছেন গ্রামীণ পুলিশের নতুন সুপার কুণওয়ার ভূষণ সিং। সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরিষেবা মিলবে। এই নির্ধারিত সময়ে যে কোনও সাধারণ নাগরিক তাঁর অভিযোগ বা অভাব-অসুবিধার কথা সরাসরি পুলিশ আধিকারিকদের ফোন করে জানাতে পারবেন।

মানুষের পাশে দাঁড়ানো এবং পুলিশের প্রতি সাধারণ নাগরিকের আস্থা বাড়াতেই এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই ব্যবস্থার প্রচার শুরু করেছে পুলিশ দফতর। সাধারণের সুবিধার্থে পুলিশ সুপার সহ মোট ২৯ জন শীর্ষ পুলিশকর্তার নাম ও সরকারি মোবাইল নম্বর সম্বলিত তালিকা তৈরি করে এলাকায় এলাকায় প্রচার চালানো হচ্ছে। পুলিশের এই বেনজির পদক্ষেপে গ্রামীণ এলাকায় ব্যাপক সাড়া পড়েছে এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে স্থানীয় মহলে।