গণেশ এবং বিশ্বকর্মা পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য টানা পাঁচ দিন চক্ররেল পরিষেবায় কাটছাঁট করতে চলেছে পূর্ব রেল। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতেই নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাবুঘাট-সহ গঙ্গার সংলগ্ন একাধিক ঘাটে প্রতিমা বিসর্জনের ভিড় সামলাতে গিয়ে রেললাইন পারাপার করতে হয় সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের। যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এবং দুর্ঘটনা এড়াতেই নির্দিষ্ট কিছু অংশের রেল পরিষেবা সাময়িক ভাবে স্থগিত রাখার বন্দোবস্ত করা হয়েছে। রেল জানিয়েছে, আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর— মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এই নিয়ন্ত্রণ জারি থাকবে। এই ক'দিন বেশ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়ন্ত্রণের দিনগুলিতে ডাউন লাইনের তিনটি ট্রেন তাদের নির্ধারিত গন্তব্যের বদলে টালা স্টেশন পর্যন্ত চলবে। এর মধ্যে রয়েছে দুপুর ৩টে ১৫ মিনিটের নৈহাটি-মাঝেরহাট লোকাল (৩০১২২), দুপুর ৩টে ৫০ মিনিটের বারাসত-মাঝেরহাট লোকাল (৩০৩১২) এবং সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দত্তপুকুর-মাঝেরহাট লোকাল (৩০৩১৪)।
একই ভাবে আপ লাইনের তিনটি ট্রেন মাঝেরহাটের পরিবর্তে টালা থেকেই ছাড়বে। এই তালিকায় রয়েছে বিকেল ৩টে ৩৫ মিনিটের মাঝেরহাট-হাবরা লোকাল (৩০৩৩১), সন্ধ্যা ৬টা ১৪ মিনিটের বালিগঞ্জ-ব্যারাকপুর লোকাল (৩০১১১) এবং সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটের মাঝেরহাট-নৈহাটি লোকাল (৩০১২৩)।
এ ছাড়াও চক্ররেল শাখার একাধিক ট্রেনের যাত্রাপথ ও গন্তব্যে রদবদল আনা হয়েছে। রেল সূত্রে খবর, ৩০৭১১ নম্বর লোকালটির যাত্রা শেষ হবে বালিগঞ্জ স্টেশনে। অন্য দিকে, ৩০৩৩২ নম্বর লোকালটিকে কাঁকুড়গাছি রোড জংশন এবং বালিগঞ্জ হয়ে মাঝেরহাটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি মাঝেরহাট স্টেশন থেকে বালিগঞ্জ ও কাঁকুড়গাছি রোড হয়ে চলবে ৩০৩৫৩, ৩০১৩৫ এবং ৩০৩১৩ নম্বর লোকাল।
একই ভাবে ৩০৩১৭ নম্বর লোকালটি মাঝেরহাটের বদলে বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে কাঁকুড়গাছি রোড হয়ে যাবে। এ ছাড়া ৩০৪১৬ নম্বর লোকালটি মাঝেরহাটে এসে যাত্রা শেষ করবে এবং ৩০৪৫১ নম্বর লোকালটি মাঝেরহাট থেকেই নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। টানা পাঁচ দিন শহরের এই গুরুত্বপূর্ণ রেল পরিষেবায় বদল আসায় দৈনিক নিত্যযাত্রীদের একাংশ ভোগান্তির আশঙ্কা করছেন।
















