দুর্গাপুজো (Durga Puja) মিটলেই কলকাতা ও হাওড়ায় পুরভোট (Municipal elections in Kolkata and Howrah) হতে পারে। কিন্তু তার আগেই ভোটার তালিকা সংক্রান্ত জট কাটানো নিয়ে তৈরি হয়েছে বড় চ্যালেঞ্জ। SIR-এ জমা পড়া আবেদনের নিষ্পত্তির গতি যে এখনও যথেষ্ট ধীর, নির্বাচন কমিশনের (Election Commission) সুপ্রিম কোর্টে দেওয়া পরিসংখ্যানেই তা স্পষ্ট। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় আপত্তি মিটিয়ে ভোটগ্রহণের উপযোগী তালিকা তৈরি করা সম্ভব হবে কি না, এখন সেই প্রশ্নই সামনে।

কলকাতা ও হাওড়ার ক্ষেত্রে সমস্যার মাত্রাটা আরও স্পষ্ট। দুই পুরসভা এলাকা মিলিয়ে অ্যাপেলেট ট্রাইব্যুনালে (Appellate Tribunal) ২ লক্ষ ২৯ হাজার ৬০টি মামলা এখনও ঝুলে রয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৫ হাজার ৪৮৫টি। অর্থাৎ বিপুল সংখ্যক আবেদন এখনও শুনানির অপেক্ষায়। পুরভোটের আগে এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি না হলে দুই পুর এলাকার ভোটারদের একটি অংশের ভোটদানের সুযোগ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

শুধু কলকাতা বা হাওড়া নয়, গোটা রাজ্যেই SIR সংক্রান্ত আবেদনের সংখ্যা কয়েক লক্ষ। কমিশনের হলফনামা বলছে, পশ্চিমবঙ্গে মোট আবেদন জমা পড়েছে ৩৮ লক্ষ ২০ হাজার ৬৮৩টি। এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১ লক্ষ ২ হাজার ২৩১টি। হিসেব অনুযায়ী, নিষ্পত্তির হার ২.৬৮ শতাংশ। জেলা ধরে আবেদন, নিষ্পত্তি এবং বিচারাধীন আবেদনের তথ্য কমিশন দিয়েছে। তবে ভোটার তালিকায় নাম সংযোজন বা বাদ দেওয়ার জন্য আলাদা করে কত আবেদন জমা পড়েছে, সেই সংখ্যা জানানো হয়নি।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নজরও এখন আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ার দিকে। ১১ অগাস্ট প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে ট্রাইব্যুনালে থাকা মামলার সংখ্যা, নিষ্পত্তির পরিসংখ্যান এবং আবেদনের ধরন সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছিল। নিষ্পত্তির পরে ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে কি না, তাও জানতে চাওয়া হয়। শুনানিতে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ কলকাতা ও হাওড়ার আবেদনগুলিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত শুনানির আর্জি জানান। প্রয়োজন হলে অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে বলে আদালতের তরফে ইঙ্গিত মেলে। ফলে পুরভোটের আগে SIR-এর বকেয়া আবেদন মেটানোই এখন কমিশনের সামনে অন্যতম বড় প্রশাসনিক চ্যালেঞ্জ।