হিমঘরে অতিরিক্ত আলু মজুতের জেরে বাজারে দাম ধসে পড়ায় কৃষকদের স্বস্তি দিতে পরিবহণে ভর্তুকির ঘোষণা করল রাজ্য সরকার। কৃষি বিপণন দফতর জানিয়েছে, হিমঘরে মজুত আলু রেলের রেকের মাধ্যমে ভিন্‌রাজ্যে পাঠালে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কুইন্টালপিছু ১০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে সর্বোচ্চ ৩ লক্ষ টন আলু পরিবহণের জন্য এই ভর্তুকি মিলবে।

সরকারের দাবি, রাজ্যের চাহিদার তুলনায় হিমঘরে অনেক বেশি আলু মজুত থাকায় কৃষক স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন হিমঘরে প্রায় ৪০ লক্ষ টন আলু মজুত রয়েছে। ব্যবসায়ী মহলের আশঙ্কা, বর্তমান হারে আলু বেরোলে আগামী তিন মাসে বাজারের চাহিদা ও বীজের প্রয়োজন মিটিয়েও প্রায় ১০ লক্ষ টন আলু উদ্বৃত্ত থেকে যেতে পারে।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি লালু মুখোপাধ্যায় জানান, জ্যোতি আলুর ৫০ কেজির বস্তার বন্ড এখন ১৫০ টাকারও কমে বিক্রি হচ্ছে। হিমঘরের ভাড়া ও অন্যান্য খরচ মিটিয়ে আলু বার করলে চাষিরা কেজিপিছু মাত্র ৭-৮ টাকা পাচ্ছেন, ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে।

তবে ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, পশ্চিমবঙ্গ থেকে অধিকাংশ আলুই ট্রাকে করে ভিন্‌রাজ্যে যায়। তাই শুধু রেলের রেক নয়, ট্রাকে আলু পাঠানোর ক্ষেত্রেও একই ভরতুকি দেওয়া হলে তা আরও কার্যকর হতো।