অনগ্রসর শ্রেণি কমিশন (Backward Classess Commission) পুনর্গঠন করল রাজ্য সরকার। রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগকে নবগঠিত এই কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের সদস্য পদেও আনা হয়েছে অভিজ্ঞ প্রশাসনিক মুখদের। দুই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার— নবীন প্রকাশ এবং রোশনি সেনকে কমিশনের নতুন সদস্য করা হয়েছে। এ ছাড়া সদস্য-সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার কাঞ্চন চৌধুরীকে।
রাজ্যের অনগ্রসর শ্রেণিভুক্ত বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক ও শিক্ষাগত মান পর্যালোচনা করা, তাঁদের সংরক্ষণের এক্তিয়ার নির্ধারণ এবং এই সংক্রান্ত নীতিগত বিষয়ে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এই কমিশনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারের এই পুনর্গঠনের পদক্ষেপে পিছিয়ে পড়া শ্রেণিগুলির উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত ও কার্যকর হবে বলেই আশা করছে প্রশাসনিক মহল।
















