রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার লক্ষ্যে প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’-এর খসড়া বিলটি পরীক্ষা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিটিকে আগামী চার সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই কমিটির সুপারিশের ভিত্তিতেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর আইনি কাঠামো চূড়ান্ত করা হবে এবং পরবর্তীকালে বিলটি বিধানসভায় পেশ করা হবে। এর ফলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত আইন সংক্রান্ত বিষয়গুলিতে সবার জন্য অভিন্ন বিধান আনার প্রক্রিয়া শুরু হয়ে গেল।
এদিনের মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৯টি নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার আদালত গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এই আদালতগুলি পরিচালনার জন্য ৩৬টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি, বড়সড় আর্থিক স্বস্তির খবর মিলেছে স্বাস্থ্যক্ষেত্রে। এনএইচএম বা জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের মাসিক পারিশ্রমিক আগামী ১ অগাস্ট থেকে এক ধাক্কায় ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে জমি-জায়গার খতিয়ান ও প্লট সংক্রান্ত তথ্যের ডিজিটাল কপি পাওয়ার ক্ষেত্রে আবেদন ফি এবং প্রমাণীকরণ ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে। এর ফলে এখন থেকে রাজ্যবাসী সম্পূর্ণ বিনামূল্যে এই ডিজিটাল পরিষেবা পাবেন।
একই সঙ্গে এদিনের বৈঠকে সীমান্ত এলাকায় বিএসএফ এবং এসএসবি-র জন্য জমি হস্তান্তর, মালদহ জেলায় জওহর নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি বরাদ্দ এবং কোচবিহার ও বাঁকুড়ায় নতুন বিদ্যুৎ সাবস্টেশন তৈরির প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ইএসআইসি ডিসপেনসারির জন্য জমি প্রদান, জন্ম ও মৃত্যু নিবন্ধনে ডিজিটাল সংস্কার এবং পূর্ত দফতরে অভিন্ন শিডিউল অফ রেটস চালুর মতো একাধিক প্রশাসনিক সিদ্ধান্তেও সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
















