তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy) তদন্তে অসহযোগিতা করছেন অভিযোগ তুলে তাঁকে হেফাজতে নেওয়ার জন্য রাজ্য আবেদন করলেও, তাকে পাত্তা দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল জমি-দুর্নীতি মামলায় সুমিতের রক্ষাকবচ বহাল থাকছে। 

বুধবার মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, সুমিত হাজিরা দিলেও তদন্তে সহযোগিতা করছেন না। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। তিনি আরও বলেন, তদন্তে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। অনেকগুলো বিষয় খতিয়ে দেখার বাকি আছে। পাল্টা সুমিতের আইনজীবী বলেন, তাঁর মক্কেল ৮ আগস্ট থেকে প্রতি দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তদন্তকারীদের সামনে হাজিরা দিচ্ছেন। কিন্তু তিনি কোন প্রশ্নের উত্তর দেবেন আর কোন ক্ষেত্রে নীরব থাকবেন সেই স্বাধীনতার সম্পূর্ণভাবে তাঁর রয়েছে। এটা সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। এরপরই প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়ে দেয় আদালত তদন্তে কোনও হস্তক্ষেপ করছে না। পরবর্তী শুনানি পর্যন্ত সুমিতের রক্ষাকবচ বহাল থাকবে। বিচারপতি বাগচী বলেন, কাউকে নীরব থাকার অধিকার যেমন সংবিধান দিয়েছে ঠিক তেমন গ্রেফতারির অধিকারও দিয়েছে। তবে এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রাজ্য সরকারকে মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা করার নির্দেশও দেওয়া হয়েছে।