রাজ্যের সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়গুলিতে মিড-ডে মিল (পিএম পোষণ) প্রকল্পের আওতায় স্বাস্থ্যসম্মত ও সুষম খাদ্য পৌঁছে দেওয়ার পরিধি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে যেখানে ৪৫ হাজার ছাত্রছাত্রী এই সুবিধার আওতায় রয়েছে, সেখানে আগামী ১ অক্টোবর থেকে সেই সংখ্যা এক লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

মুখ্যমন্ত্রী জানান, আধুনিক ও স্বয়ংক্রিয় কেন্দ্রীভূত রন্ধনশালার মাধ্যমে প্রস্তুত পুষ্টিকর খাবার সরাসরি পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য। আগামী দিনে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যবস্থার আওতায় আনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে প্রশাসনের। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের পুষ্টির মান বাড়াতে গত ১ অগাস্ট এই বিশেষ কর্মসূচির সূচনা হয়েছিল। প্রথম দফায় প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রীকে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি সুষম আহার দেওয়া শুরু হয়। খাবারে নির্দিষ্ট মাত্রার ক্যালোরি ও প্রোটিন সুনিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে তা স্কুলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক সাড়া মেলে। সেই সাফল্যের ওপর ভিত্তি করেই সম্প্রতি আরও ১৫ হাজার পড়ুয়াকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে বর্তমান উপভোক্তা সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজারে। আগামী ১ অক্টোবর থেকে এই পরিকাঠামো আরও বড় আকারে সম্প্রসারিত করে লক্ষ্যমাত্রা এক লক্ষে পৌঁছে দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।