স্বাধীনতার ৭৯ বছর পূর্তির আগে বাংলার স্বাধীনতা সংগ্রামের অজানা-অদেখা ইতিহাসের পাতাগুলো খুলতে চাইছে লোক ভবন। নেতাজি সুভাষচন্দ্র বসুর দুর্লভ চিঠি ও সই করা ছবি থেকে শুরু করে আজাদ হিন্দ সরকারের ১৩টি পদক, রবীন্দ্রনাথ ঠাকুরের সই করা আলোকচিত্র—একাধিক ঐতিহাসিক স্মারক নিয়ে আয়োজন করা হচ্ছে ‘সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল’ প্রদর্শনীর। শনিবার, ৮ অগাস্ট বিকেল ৫ টায় লোক ভবনের মার্বেল হলে প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।

৯ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত সাধারণ দর্শক ও পড়ুয়াদের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান এবং সেই সময়ের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করাতেই এই উদ্যোগ।

প্রদর্শনীতে থাকছে নেতাজির স্বাক্ষর-সহ আলোকচিত্র, তাঁর মাতুলকে লেখা চিঠি, চিকিৎসক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পাঠানো টেলিগ্রাম এবং আজাদ হিন্দ সরকারের ১৩টি পদকের সম্পূর্ণ সংগ্রহ। পাশাপাশি থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরিত আলোকচিত্র, নন্দলাল বসু ও তাঁর সমসাময়িক শিল্পীদের স্বাক্ষর করা মৌলিক শিল্পকর্ম, স্বাধীনতা সংগ্রামীদের স্বাক্ষর এবং শতবর্ষ প্রাচীন কলকাতার দুর্লভ পোস্টকার্ড।

চিঠিপত্র, আলোকচিত্র, ডাকটিকিট, মুদ্রা, পদক ও পোস্টকার্ডের মতো নানা ঐতিহাসিক সংগ্রহের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হবে। দেশপ্রেম, আত্মত্যাগ ও জনসেবার মূল্যবোধের সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঐতিহাসিক সংগ্রহ সংরক্ষণে কাজ করা ‘ক্যালকাটা কালেক্টরস ক্লাব’-এর সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পড়ুয়াদের নিয়ে প্রদর্শনীতে আসার জন্যও আহ্বান জানানো হয়েছে।