রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রচারের ঝাঁজ বাড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী রবিউল আলম চৌধুরীর সমর্থনে নির্বাচনী ময়দানে জোরকদমে নেমেছেন দলীয় কর্মী ও শীর্ষ নেতৃত্ব। বড় জনসভার চেয়েও বুথভিত্তিক সাংগঠনিক বৈঠক, ছোট কর্মিসভা এবং সরাসরি জনসংযোগের উপরেই এই মুহূর্তে বেশি জোর দিচ্ছে তৃণমূল শিবির।
সোমবারেও রেজিনগরের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চলে। বেগুনবাড়িতে আয়োজিত এক নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিধায়ক তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলিফা আহমেদ, রাজ্য তৃণমূলের আইটি সেলের সভানেত্রী উপাসনা চৌধুরী, প্রাক্তন বিধায়ক মহম্মদ আলি, চাঁদ মহম্মদ এবং শাওনি সিংহ রায় প্রমুখ। সেখানে সংগঠনের রণকৌশল নিয়ে আলোচনার পাশাপাশি কর্মীদের জনসংযোগে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেওয়া হয়। তৃণমূলের আইটি সেলের প্রতিনিধিরাও এলাকায় পৌঁছে প্রচারের কাজে হাত লাগিয়েছেন।
অন্য দিকে, তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী স্কুটার ও বাইকে চেপে এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। দলের নেতৃত্বের দাবি, রবিউলের সাধারণ জীবনযাপন এবং মাটির সঙ্গে নিবিড় সম্পর্কই তাঁর বড় শক্তি। উপাসনা চৌধুরী জানান, এলাকায় প্রচার চালাতে গিয়ে তাঁরা ভোটারদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ স্পষ্ট।
রেজিনগরের ভোটদাতাদের উদ্দেশে দলীয় বার্তা দিয়ে দলের অন্যতম শীর্ষ নেতা কুণাল ঘোষ জানান, এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে বিজেপিকে পরাস্ত করার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনেরই রয়েছে। তাই বিরোধী ভোট কোনও ভাবেই যাতে বিভক্ত না হয়, সে বিষয়ে ভোটারদের সতর্ক থাকার আর্জি জানান তিনি। অন্য কোনও দলকে ভোট দিয়ে যাতে প্রকারান্তরে বিজেপির হাত শক্ত না করা হয়, সেই বার্তাও দেয় তৃণমূল নেতৃত্ব।
















