বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের ক্যাথিড্রাল রোডে তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের শহিদ তর্পণের কর্মসূচি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই সভা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সভায় জনসমাগম হয়েছে। এই কর্মসূচিতে আসার পথে বিজেপির দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল কাউন্সিলর সুদীপ ভট্টাচার্য। 

একুশে জুলাইয়ের সভায় যাওয়ার জন্য খরদা স্টেশনে দাঁড়িয়েছিলেন খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের সুদীপ ভট্টাচার্য। সেই সময় বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কাউন্সিলরকে স্টেশনের প্লাটফর্মে ফেলে মারধর করে বলে অভিযোগ। 

খড়দা স্টেশন থেকে আহত অবস্থায় খরদহ বলরাম হাসপাতালে চিকিৎসা করতে গেলে সেখানেও কাউন্সিলরকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের অভিযোগ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় খরদহ থানার পুলিশ।