দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হল ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শনিবার দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই বছরের বিজয়ী তালিকা প্রকাশ করা হয়। আর এবারের পুরস্কারের মঞ্চে কার্যত জয়জয়কার হল বাংলা সিনেমার। পরিচালক অঞ্জন দত্তের ছবি ‘চালচিত্র এখন’ জিতেছে সেরা বাংলা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার। পাশাপাশি ‘অঙ্ক কী কঠিন’ ছবির তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী যুগ্মভাবে পেয়েছে সেরা শিশুশিল্পীর জাতীয় পুরস্কার। দীর্ঘ সময় পর একসঙ্গে সেরা বাংলা ছবি ও শিশুশিল্পী— এই দুই বিভাগেই জাতীয় সম্মান আসায় উচ্ছ্বসিত টলিপাড়া।
চলচ্চিত্র মহলের মতে, এই দ্বৈত সাফল্য টলিউডের গৌরব আরও বাড়িয়ে দিল। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) কর্তৃক শংসাপত্র পাওয়া ছবিগুলির মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে সেরাদের। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জয়রাজের নেতৃত্বে ১১ সদস্যের জুরি বোর্ড মোট ৪৩টি বিভাগে এই জাতীয় পুরস্কার ঘোষণা করেছে।
এবারের জাতীয় পুরস্কারে অভিনয় বিভাগেও রয়েছে বড় চমক। ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য কার্তিক আরিয়ান এবং ‘ব্রহ্মযুগম’ ছবির জন্য মাম্মুটি যৌথভাবে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন। অন্যদিকে ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন ইয়ামি গৌতম। তুষার হিরানন্দানি পরিচালিত ও রাজকুমার রাও অভিনীত ‘শ্রীকান্ত’ পেয়েছে সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার।
এক নজরে দেখে নেওয়া যাক অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কারের তালিকা:
* সেরা মৌলিক চিত্রনাট্য ও চিত্রনাট্যকার: ‘পুষ্পা: দ্য রুল’ ছবির জন্য সুকুমার
* সেরা সহ-অভিনেতা: ‘ভক্ষক’ ছবির জন্য সঞ্জয় মিশ্র
* সেরা সাউন্ড ডিজাইনার: মানস চৌধুরী
* সেরা কোরিওগ্রাফি: ‘স্ত্রী ২’ (বিজয় গঙ্গোপাধ্যায়)
* সেরা মহিলা প্লেব্যাক গায়িকা: বিজয়লক্ষ্মী
* সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: অভয় যোধপুরকর
সব মিলিয়ে, ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাংলা সিনেমার এই দুর্দান্ত সাফল্য নতুন করে আশার আলো দেখাল টলিউডকে। বিশেষ করে ‘চালচিত্র এখন’-এর এই বিশেষ স্বীকৃতি এবং ‘অঙ্ক কী কঠিন’-এর তিন কচি শিল্পীর জাতীয় সম্মান আগামী দিনে বাংলা ছবির জন্য এক বড় প্রেরণা হয়ে থাকবে বলে মনে করছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।
















