টলিউডের প্রথম সারির অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চলচ্চিত্র ব্যক্তিত্বদের এক বিরল সমাবেশের সাক্ষী রইল লোকভবন। মঙ্গলবার প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যোগ দেন বাংলা চলচ্চিত্র জগতের একঝাঁক তারকা। সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে সংলাপ ও সাংস্কৃতিক আদানপ্রদানের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল।
এদিনের এই বিশেষ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক হেভিওয়েট ব্যক্তিত্ব। প্রতিনিধি দলে উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (অভিনেতা), ডোনা গঙ্গোপাধ্যায়(নৃত্য শিল্পী), সৃজিত মুখোপাধ্যায় (পরিচালক), পাওলি দাম (অভিনেত্রী), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (পরিচালক-অভিনেতা), কৌশিক গঙ্গোপাধ্যায় (জাতীয় পুরস্কারজয়ী পরিচালক), অনিরুদ্ধ রায়চউধুরী (জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক), রুদ্রনীল ঘোষ (অভিনেতা ও পরিচালক), মহেন্দ্র সোনি (প্রযোজক)-সহ অন্যান্যরা। চলচ্চিত্রের বিভিন্ন ধারা ও প্রজন্মের এই বিশিষ্ট শিল্পীদের একসঙ্গে উপস্থিতি পুরো অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দিয়েছে।
সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, এটি সম্পূর্ণভাবেই একটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, এর পিছনে কোনও প্রশাসনিক বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলা চলচ্চিত্র, সংস্কৃতি এবং সৃজনশীল জগতের নানা দিক নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এই বৈঠকের নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক এজেন্ডা প্রকাশ করা হয়নি।
বর্তমানে বাংলা চলচ্চিত্র শিল্পে আন্তর্জাতিক সহযোগিতা, ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার এবং আঞ্চলিক সিনেমার প্রসার নিয়ে নানা পরিকল্পনা চলছে। সেই প্রেক্ষাপটে রাজভবনে টলিউডের এই প্রভাবশালী মুখগুলির উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতার গণ্ডি ছাড়িয়ে প্রতীকী ও বিশেষ তাৎপর্য বহন করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
















