বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। মঙ্গলবার রাতেই তাঁর চিকিৎসা শুরু হয়। বুধবার সকাল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হলেও, পুরোপুরি সংকটমুক্ত নন অভিনেতা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুগার লেভেল ওঠানামা করছে। অক্সিজেন স্যাচুরেশন কম হওয়ায় চিন্তায় চিকিৎসকরা।
রাজেশ হায়দরাবাদে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে 'রামোজি ফিল্ম সিটি'তে একটি ছবির শুটিং করছিলেন। জঙ্গলে শটের ফাঁকে চা খাওয়ার সময় বিষাক্ত মাকড়সার কামড় খান অভিনেতা। এরপরই দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরে। রাজেশ যেহেতু ডায়াবেটিক সেই কারণে চিন্তা বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত বোঝা যাবে। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী সুদীপা রাজেশের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।
















