দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবথেকে বেশি যে দলকে নিয়ে আলোচনা তারা হলো ককরোচ জনতা পার্টি (CJP)। সম্পূর্ণ অরাজনৈতিক এক দলকে ঘিরে রাজনৈতিক মহল সরগরম। চর্চা পাড়ার চায়ের দোকান থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসেও। সিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার মঞ্চের সঙ্গীতানুষ্ঠানেও তাদের অন্তর্ভুক্তি ঘটিয়ে ফেলল বাংলা ব্যান্ড 'চন্দ্রবিন্দু' (Chandrabindu)। অনুষ্ঠান সফল, উপল-অনিন্দ্যদের গলায় 'গীতগোবিন্দ' গানের নতুন সংযোজনের ককরোচদের উল্লেখ জিতে নিল শ্রোতাদের মন।
বাংলার সাহিত্যের অন্যতম কবি জয়দেবের গীতগোবিন্দ গানকে যুগোপযোগী জনপ্রিয় লিরিক্সে সঙ্গীতপ্রেমীদের মনের দুয়ারে পৌঁছে দিতে বিগত বেশ কিছু বছর ধরে 'চন্দ্রবিন্দু' (Bangla Band Chandrabindu) নানা রকমের এক্সপেরিমেন্ট করে চলেছে। রাজনীতির কথা বাংলা ব্যান্ডের গানে যুক্ত হবার নতুন কিছু নয়, কারণ এর আগে বাম দল কিংবা ঘাসফুলের নানা প্রসঙ্গ উল্লেখ করে গান রচনা হয়েছে। চন্দ্রবিন্দুর সদস্যরাও সেটা করেছেন। তবে এবার কোনও প্যারোডি নয়, বরণ গীতগোবিন্দ গানের নতুন ভার্সনে দেশের রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে আলোচিত আরশোলাদের দলকে যুক্ত করে ফেললেন চন্দ্রিল ভট্টাচার্যরা।
শুরু থেকেই এই গানে ছিল রাজনৈতিক রং। গানের কথায় এককালে ছিল - 'তুমিই আমার সিপিএম/তুমিই আমার এটিএম/তুমি আমার সিরিজ প্রেমের শেষটা।' এবার সমসাময়িক প্রাসঙ্গিকতা উল্লেখ করে চন্দ্রবিন্দু গাইল - 'তুমি আমার ককরোচ পার্টি/রাজনীতিতে ঝাঁটার কাঠি/তুমি আমার ককরোচ পার্টি/জাগ্রত আর জমজমাটি/তুমি আমার ককরোচ পার্টি/লাবণ্যময় ঝগড়াঝাঁটি/ তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা।' হাততালির বন্যা অডিটোরিয়াম জুড়ে। গানের কথা শুনে হাসলেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। চন্দ্রবিন্দু ব্যান্ডের সদস্যরা কোনদিনই সক্রিয় রাজনীতিতে অংশ নেননি। কিন্তু এবারে গানের মাধ্যমে কি নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইলেন? সোশ্যাল মিডিয়া জুড়ে গানের টুকরো অংশ এখন ভাইরাল।
















