সমাজ মাধ্যম খুললেই বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর। অথচ দিব্যি সুস্থ রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। যেভাবে গুজব ছড়াচ্ছে যাতে বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন বিপ্লব নিজেই। জানালেন, এই ধরনের ঘটনা তিনি মোটেই সমর্থন করেন না। 'শিক্ষার অভাব' থাকার কারণেই সত্যি মিথ্যে যাচাই না করে ভুল খবর ছড়িয়ে দেয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন তিনি।
প্রযুক্তির দাপটে যত সময় যাচ্ছে ততই মানুষের সোশ্যাল মিডিয়া নির্ভরশীলতা বাড়ছে। আর সেখানেই মাঝে মাঝে এমন খবর ছড়িয়ে পড়ে যাতে বিস্ময়ের সীমা থাকে না। ঠিক সেভাবেই সম্প্রতি বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। সমাজ মাধ্যমে কেউ বা কারা তাঁর ছবি শেয়ার করে তলায় লিখে দেন, প্রয়াত অভিনেতা। এরপরই অনুরাগীদের দুঃখ প্রকাশ করতে শুরু করেন। বিষয়টি নজরে আসতেই ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের তরফে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়, বিপ্লব সুস্থ আছেন। তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। পরে অভিনেতা নিজেও তা জানিয়েছেন।
ভিডিও বার্তায় বিপ্লব খানিকটা রসিকতার সুরে বলেন, “আমাকে অনেক বদমায়েশের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেকেই আমাকে খারাপ লোক হিসেবে চেনে। তবে আমি রাজনৈতিক নেতাদের থেকে খারাপ নই।” তিনি অবশ্যই ভুয়ো খবর প্রচারের বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত। জানান, “একটা খবর ছড়িয়ে পড়েছে, আমি নাকি মারা গিয়েছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যতদিন রেখেছেন, ততদিন থাকি। যে বা যিনি এই কাজ করেছেন, তিনি এটা বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারও সম্পর্কে এমনটা বলবেন না। বলার আগে একটু ভাববেন।”
















