উত্তম কুমার (Uttam Kumar) নামটার সঙ্গে বাঙালি আবেগ এবং বাংলা সংস্কৃতির এমন এক যোগসূত্র রয়েছে যা কখনও অতীত হওয়ার নয়। তাইতো মহানায়কের জন্মশতবর্ষে এবার শুধু টালিগঞ্জের সিনেপাড়া নয়, বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন পশ্চিমবঙ্গ সরকারেরও (Government of West Bengal)। বৃহস্পতিবার সকালে উত্তম জন্মবার্ষিকীতে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, জিৎ, দেব, হরনাথ চক্রবর্তীসহ স্টুডিও পাড়ার একাধিক নামী ব্যক্তিত্বরা। উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে আয়োজিত উৎসব অনুষ্ঠানের বিস্তারিত তথ্য দেওয়ার পাশাপাশি এদিন মঞ্চ থেকে শুভেন্দু জানান, শিল্পী স্বাধীনতায় এবং বাংলার সাংস্কৃতিক হৃতগৌরব ফিরিয়ে আনতে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। নাম না করে পূর্বতন সরকারকে কটাক্ষ করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, বর্তমান রাজ্য সরকার শিল্পী ও সংস্কৃতিমনস্কদের সহযোগিতা করবে, কিন্তু মাতব্বরি নয়।

বাঙালির ম্যাটিনি আইডলের জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষে তার জীবন কর্মকাণ্ড ঘিরে প্রদর্শনী চলচ্চিত্র উৎসব সেমিনার সংবর্ধনা প্রধান ডাকটিকিট প্রকাশের মত অনুষ্ঠানের পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী নেতৃত্ব দেবেন। রাজ্যজুড়ে চারদিন ধরে চলবে উত্তম স্মরণ অনুষ্ঠান। এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী বলেন, বিকেলে কেক কেটে পায়েস খাইয়ে জন্মদিনের প্রকৃত উদযাপন হবে। আগের সরকার মৃত্যুদিনকে উৎসবে পরিণত করেছিল কিন্তু এই সরকার মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাবে এবং জন্মদিনকে উৎসবের মর্যাদা দেবে। শুভেন্দু বলেন, শুধু বাংলা নয় আজ দেশের সাংস্কৃতিক ক্ষেত্রের অন্যতম উজ্জ্বল দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে 'মন কি বাত' অনুষ্ঠানে উত্তম স্মরণ করেছেন সে কথা উল্লেখ করে, আজ সকালে মোদির সোশ্যাল মিডিয়া পোস্টের প্রসঙ্গও তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। জানান একদিন বা দুদিনে মহানায়কের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান আটকে থাকবে না সারা বছরব্যাপী নানা আয়োজন করা হবে। 'সপ্তপদী' অভিনেতার নামাঙ্কিত বিভিন্ন স্থান এবং তাঁর আবক্ষ মূর্তি সংস্কার ও মেরামতির কাজ করবে রাজ্য সরকার। যেভাবে বাংলা সিনে ইন্ডাস্ট্রির সংস্কৃতিমনস্কদের নিয়ে একটি কোর কমিটি গঠন করে এই ধরনের উদ্যোগের দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

উত্তম স্মরণে বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্রসদন নন্দন চত্বর থেকে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম পর্যন্ত টলিউড তারকাদের একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে যার নেতৃত্বে থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপর সন্ধ্যায় গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রদর্শনীর পাশাপাশি একতারা মুক্তমঞ্চে মহানায়কের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টলিউডের বিশিষ্টদের নিয়ে উত্তম জন্মশতবর্ষ উপলক্ষে যে কোর কমিটি গঠন করে দেয়া হয়েছিল তাদের দেয়া তালিকা অনুযায়ী মহানায়কের সমকালীন প্রবীণ অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের আজ রবীন্দ্রসদনে সম্বর্ধনা দেয়া হবে। প্রকাশিত হবে বিশেষ খান এবং ভারত সরকারের উদ্যোগে তৈরি হওয়া কালো জয়ী অভিনেতার ছবি সম্বলিত ডাকটিকিট। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিউটাউনের উত্তম কুমার সেলুন সেন্টারের শিলান্যাস করবেন তিনি। সেখানেও টলিউডের তারকারা উপস্থিত থাকবেন। আগামী চার দিন ধরে উত্তমের বিভিন্ন সিনেমার দৃশ্য দিয়ে সাজানো গাড়ি ঘুরবে মহানগরীর চারপাশে। অভিনেতার ছবি দিয়ে তৈরি কাটআউট থাকবে বিজলী সিনেমা হলের সামনে। নন্দন ছাড়াও রাধা স্টুডিও ও শহরের অন্যান্য প্রেক্ষাগৃহেও 'হারানো সুর' অভিনেতার একগুচ্ছ সিনেমা দেখানো হবে।
















