কুড়ি দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk), বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কেন্দ্র সরকারের। পরিবেশকর্মীর আন্দোলন ঘিরে যখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গেছে, তখন বিতর্কিত পোস্টে নাম না করে দেশের প্রধানমন্ত্রীকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' বলে বিঁধলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)! নিট কেলেঙ্কারির (NEET Scam) প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে যখন সোনম অনশন আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ করছেন, তখন গণতান্ত্রিক দেশে সকলে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে। কেন এই বিষয়ে কেউ কথা বলছেন না, প্রশ্ন তুলেছেন বলিউডের মস্তানি। আর তার পরই 'বামপন্থী' তকমা পেলেন রণবীর- পত্নী!

রাজনৈতিক আলোচনা থেকে সাধারণত দূরে থাকতে পছন্দ করেন দীপিকা। সাম্প্রতিককালে 'ধুরন্ধর' নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। কিন্তু এবার আর তিনি চুপ করে থাকলেন না। সোশ্যাল মিডিয়ায় ওয়াংচুকের ছবি দিয়ে লিখলেন, 'উনি অনশন করছেন আর আমরা স্ক্রল করছি। এটাই তো আমাদের গণতন্ত্র।' লাদাখের সমাজকর্মীর শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। সেভাবে রাজনৈতিক মহলের সমর্থন মেলেনি, কিন্তু একে একে সরব হচ্ছেন বলিউডের অভিনেতারা। এবার একধাপ এগিয়ে দীপিকা (Deepika Padukone) নাম না করে নিশানা করেছেন দেশের প্রধানমন্ত্রীকে (PM)!সমাজমাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, 'আমরা গণতন্ত্রে অন্ধকার অধ্যায় বাস করছি। একজন ব্যর্থ রাষ্ট্রনায়ককে মহিমান্বিত করার জন্য যতগুলি সিনেমা বানাই না কেন, বাস্তবটার কোনও বদল হয়নি।' অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হতেই বিতর্ক বেড়েছে। ২০২০ সালের 'ছপাক' রিলিজের প্রাক্কালে উত্তাল জেএনইউ-তে গিয়ে হামলায় আক্রান্তর সঙ্গে দেখা করেছিলেন দীপিকা। সেই ঘটনার রেশ টেনে এবার অভিনেত্রীকে 'বামপন্থী' বলে কটাক্ষ করা শুরু। কিন্তু সত্যিই কি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন অভিনেত্রী? সূত্রের খবর বিতর্কিত এই পোস্ট দীপিকার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নাকি আপলোড করা হয়নি। সম্ভবত AI ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। অভিনেত্রী তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।