নজরে এখন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির ব্যক্তিগত সম্পর্ক! টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে গত কয়েক মাস ধরেই তাঁদের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে। যদিও এই জল্পনার কোনও সত্যতা এখনও প্রকাশ্যে আসেনি। দু’জনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। বাংলা ধারাবাহিক 'গুড্ডি'র সেট থেকেই রণজয় ও শ্যামৌপ্তির পরিচয় এবং ঘনিষ্ঠতা বাড়ে। পরে দু’জনের আইনি বিয়ে হয়ে গেলেও সেই সময় বিষয়টি প্রকাশ্যে আসেনি। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেশ জাঁকজমক করেই সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান করেন রণজয় ও শ্যামৌপ্তি। টলিপাড়ার একাধিক সেলিব্রিটি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তাঁদের বিয়ের ছবি ও মুহূর্ত সমাজমাধ্যমেও বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। বেশ কিছু রোমান্টিক মুহূর্তও ধরা পড়েছে ফ্রেমে। কিন্তু এতকিছুর মাত্র কয়েক মাসের মধ্যেই দম্পতির বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন অনেকে। রণজয় বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। শ্যামৌপ্তি যদিও স্পষ্টভাবে জানান, “এই ব্যাপারে কোনও মন্তব্য করব না।” এরপরেই জল্পনা আরও বাড়ে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বিভিন্ন অনুষ্ঠানে রণজয় ও শ্যামৌপ্তিকে একসঙ্গে দেখা যাচ্ছে না। যদিও সোশ্যাল মিডিয়াতে তাঁদের ভালবাসার মুহূর্তের ছবিগুলি রয়েছে এখনও। ফুল পিসি ও এডওয়ার্ড ছবির প্রিমিয়ারে, রণজয় শ্যামৌপ্তির হয়ে গলাও ফাটিয়েছেন। তাই এই মুহূর্তে খবরটা নিয়ে ধোঁয়াশা থাকলেও অনুরাগীরা মনে করছে যা রটে তার কিছুটা তো বটেই।