শারীরিক কারণে আপাতত সব ধরনের ব্যস্ততা থেকে দূরে বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে (Actor Biswajeet Chatterjee)। মুম্বইয়ের (Mumbai) একটি হাসপাতালে মঙ্গলবার তাঁর বাঁ চোখের ছানির অস্ত্রোপচার (Cataract surgery) হয়।  চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী আগামী দুসপ্তাহেরও বেশি সময় তাঁকে বিশ্রামে থাকতে হবে। সেই কারণে আপাতত বন্ধ থাকছে তাঁর নতুন ছবির কাজ, পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছে নির্ধারিত কলকাতা সফরও।

ফলে এই সময়ে কোনও শুটিং বা প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেবেন না তিনি। ফলে তাঁর আসন্ন ছবি 'অগ্নিযুগ: দ্য ফায়ার' এর কাজও আপাতত বন্ধ রেখেছেন তিনি। একইসঙ্গে জুলাই মাসে কলকাতায় আসার যে পরিকল্পনা ছিল, তাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১২ জুলাই প্রবীণ চলচ্চিত্র শিল্পীদের সম্মান জানাতে রাজ্য বিজেপির উদ্যোগে একটি অনুষ্ঠান করার কথা আছে। সেখানে উপস্থিত থাকার জন্য বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও বর্তমান শারীরিক অবস্থার কারণে তাঁর কলকাতায় আসা এখন চিকিৎসকদের পরামর্শের উপরই নির্ভর করছে।

অস্ত্রোপচারের খবর পেতেই চলচ্চিত্র জগতের একাধিক শিল্পী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন অনুপম খের (Anupam Kher) সহ আরও অনেকে। সম্প্রতি ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নতুন ছবি 'অনেকদিন পর' এর জন্য ভিডিও করে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, 'অভিমান' ছবিতে প্রসেনজিতের রকস্টার লুকের একটি ছবি এঁকে ছেলেকে উপহারও  দিয়েছেন তিনি।