অভিনেতা রাজেশ শর্মার (Rajesh Sharma) শারীরিক অবস্থা নিয়ে স্বস্তির খবর। চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ। পায়ের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় চিকিৎসার পরবর্তী ধাপে তাঁকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন চিকিৎসকেরা। বুধবার তাঁর পায়ের সেলাই (Stitche) কাটা হবে। এবং সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন তিনি।
গত কয়েকদিন ধরেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন রাজেশ শর্মা। পায়ের সংক্রমণ কমাতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল, আর সেই অস্ত্রোপচার (Surgery) সফল হয়েছে বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। বুধবার সেই অস্ত্রোপচারের সেলাই কাটা হবে। সেই সঙ্গে এ দিন থেকেই তাঁকে ধীরে ধীরে হাঁটানোও শুরু করবেন চিকিৎসকেরা। এমনটাই জানিয়েছেন অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পান্ডা (Personal Assistant Subhashis Panda)। প্রথমে সপ্তাহের শুরুতেই হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরিকল্পনা থাকলেও, শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে আরও কয়েকদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আর তিনি আইসিইউতে (ICU)নেই, কেবিনেই চিকিৎসা চলছে। যদিও এখনও অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে, তবে চিকিৎসকদের মতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
চিকিৎসায় ভালো সাড়া মেলায় রাজেশ শর্মার জ্বর ও শ্বাসকষ্ট অনেকটাই কমেছে। রক্তে শর্করার মাত্রাও এখন স্বাভাবিক। তিনি এখন নিজে উঠে বসতে পারছেন, পাশাপাশি স্বাভাবিকভাবেই সকলের সঙ্গে কথাবার্তাও বলছেন। হাসপাতালে ভর্তি থাকার সময় তাঁকে দেখতে যান মন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Minister Indranil Khan)। অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। চিকিৎসকদের পরামর্শ, হাসপাতাল থেকে ছুটি পেলেও আরও অন্তত সাত দিন বাড়িতে বিশ্রামে থাকতে হবে তাঁকে। তারপর শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তিনি আবার কাজ শুরু করতে পারবেন।
















