শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'দেবদাস' অবলম্বনে ছবিতে দেব যদি নাম ভূমিকায় থাকেন তাহলে পারো অর্থাৎ পার্বতী আর চন্দ্রমুখী কারা হবেন? 'দাদাগিরি'র মঞ্চে এই প্রশ্নের মুখোমুখি হলেন স্বয়ং দীপক অধিকারী ওরফে দেব। আর স্ট্রেট ব্যাটে খেলে জানিয়ে দিলেন এই দুটো চরিত্রের জন্য তিনি অবশ্যই রুক্মিণী আর শুভশ্রীকেই বাছবেন। তবে কে কোন চরিত্র করবেন- সেটা ঠিক করবেন নায়িকারাই।

জি বাংলায় চলছে 'দাদাগিরি'। এবারের সঞ্চালক দেব। আমজনতার পাশাপাশি 'দাদাগিরি'র মঞ্চ আলো করছেন সেলিব্রিটিরাও। শনিবারের পর্বে এসেছিলেন 'Winkle Twinkle' ছবির অভিনেতা-অভিনেত্রীরা। ছিলেন সাংবাদিক মৌপিয়া নন্দীও। এই ছবিতে তিনিও অভিনয় করেছেন। শো চলাকালীন দেবকে মৌপিয়া প্রশ্ন করেন, "দেব যদি দেবদাস হন, তাহলে পার্বতী আর চন্দ্রমুখী চরিত্রে কাকে কাকে নেবেন?" বিন্দুমাত্র সময় না নিয়ে দেবের উত্তর- রুক্মিণী (অর্থাৎ তাঁর বর্তমান বান্ধবী) আর শুভশ্রী (অর্থাৎ তার প্রাক্তন বান্ধবী)। তবে কে কোন ভূমিকায় অভিনয় করবেন সেই সিদ্ধান্ত নেবেন ওই দুজনেই। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুও। তিনি হাত তুলে বলেন, চুনিলালের চরিত্রটাতে যেন তাঁকে নির্বাচন করা হয়।

'দেবদাস' শরৎচন্দ্রের একটি বহু চর্চিত এবং জনপ্রিয় উপন্যাস। বারবার এই উপন্যাসকে সেলুলয়েডে তুলে এনেছেন পরিচালকরা। দিলীপ কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় হয়ে শাহরুখ খান- দেবদাস হয়েছেন অনেকেই। কিন্তু তাও এই ছবিকে বিভিন্ন আঙ্গিকে ধরার লোভ সামলাতে পারেন না পরিচালকরা। নতুন আঙ্গিকে দেবদাস হয়েছে মঞ্চেও।

ইদানিং দেবের পরিচালনায় ফের একসঙ্গে জুটি বেঁধেছেন দেশু। তাঁদের ছবির নামও 'দেশু 7'। ইতিমধ্যেই ছবির বিভিন্ন রকমের প্রোমোশনে দেব-শুভশ্রীকে দেখা যাচ্ছে বেশ ঘনিষ্ঠভাবেই। এই নিয়ে প্রচুর চর্চা টলিপাড়ায়। স্বভাবতই এদিনের প্রশ্নে কার কার নাম নেন দেব- সেই নিয়ে কৌতূহল ছিল দর্শকদের। তবে কোনও জল্পনা তৈরি হওয়ার আগেই এক ব্রাকেটে রুক্মিণী শুভশ্রীর নাম বলে বল মাঠের বাইরে পাঠালেন দেব।