দেশের অন্যতম বড় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলের (সিজন ১৫) মঞ্চে নানা ধরনের গান গেয়ে বিচারকের আসনে থাকা শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং বাদশার পাশাপাশি সারা দেশের সঙ্গীতপ্রেমীদের মন জিতেছিলেন মানসী ঘোষ (Manasi Ghosh)। অপেক্ষা ছিল বঙ্গতনয়ার বাংলা সিনেমায় প্লেব্যাকের। অবশেষে টলিউডের বক্সঅফিসে নিজের সুরের 'দখল' দেখাতে তৈরি তিনি। দুর্জয় মণ্ডলের (Durjay Mondal) নতুন ছবিতে ভিন্ন মেজাজের আইটেম সং গাইবেন মানসী (Manasi Ghosh)।

ছোটো থেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত মানসী ইতিমধ্যেই হিন্দিতে কাজ করেছেন। বাংলায় রূপম ইসলামের সঙ্গে একটি বিজ্ঞাপনের জন্য গান গেয়েছেন। কিন্তু এতদিন পর্যন্ত প্লেব্যাকের সুযোগ হচ্ছিল না। অবশেষে অপেক্ষার অবসান। সমাজের নির্মম বাস্তবতা ক্ষমতার ঔদ্ধত্য নিয়ে তৈরি 'দখল' সিনেমায় 'মাঝ রাতে বিছানাতে' গানটি শোনা যাবে মানসীর কণ্ঠে। এই গানের মাধ্যমে ছবির এক অন্য মেজাজ ধরা দেবে বলে মনে করছেন নির্মাতারা। পরিচালক দুর্জয়ের কথায়, গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকের পছন্দের প্লে লিস্টে বিশেষ জায়গা করে নেবে। প্রতিভাবান গায়িকার প্রাণবন্ত কণ্ঠ শ্রোতাদের মন জিতবে বলেই আশাবাদী তিনি। মানসী বলছেন, 'গানটি গাইতে ভীষণ ভাল লেগেছে। আমি নিশ্চিত দর্শক-শ্রোতারা এটি খুব উপভোগ করবেন। বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে এটি আমার প্রথম কাজ, তাই এই গানটি আমার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে।'