হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে প্রয়াত পরিচালক কুকু কোহলি (Kuku Kohli)। অজয় দেবগনের মতো সুপারস্টারের প্রথম ছবির পরিচালক বলিউডকে একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। পরিচালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। মঙ্গলবার তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। কিন্তু এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। বুধবার সকালে পরিচালকের বাসভবন ‘গ্রিন একরস’-এ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বলিউড তারকারা।
১৯৯১ সালে কুকু পরিচালিত ‘ফুল অউর কাঁটে’ মুক্তি পেতেই দর্শক মহলে তুমুল সমাদৃত হয়। ছবিতে নজর কাড়েন অজয় (Ajay Devgan)। একাধিক সাহসী স্টান্ট করতে দেখা গিয়েছিল অভিনেতাকে। ‘হকিকত’, ‘আনাড়ি নং ১’, ‘কোহরাম’-এর মতো ছবি পরিচালনা করেছেন কুকু (Kuku Kohli)। নতুন প্রজন্মকে নিয়ে করা 'ইয়ে দিল আশিকানা'ও যথেষ্ট সফল হয়েছিল। ২০০৪ সালে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘উও তেরা নাম থা’। বলিউড পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সতীর্থরা। আজই কুকুর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
















