“মাছে ভাতে মিস্ট্রি, মগজে কেমিস্ট্রি, কেরালা হবে একেন বাবুর ভিক্টরি?” বাঙালি গোয়েন্দা প্রেমীদের জন্য এর চেয়ে বড় সুখবর আর এই মুহূর্তে কিছু হতে পারে না। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ ছবির অফিশিয়াল টিজার! আর টিজার সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় একেন-ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে।
আরও পড়ুন: ‘কিং স্টাইলে’ এন্ট্রি, মহৎ উদ্দেশ্য নিয়ে গৃহপ্রবেশের আগেই বিগ বসে জীতুর ধামাকা!
কী আছে টিজারে? টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, কোচি থেকে আসা কয়েকজন রহস্যময় মানুষ হঠাৎ এসে একেন বাবুকে সোজা তুলে নিয়ে পাড়ি দেয় কেরালায়। এবার প্রশ্ন হল— এটা অপহরণ নাকি রাজকীয় আমন্ত্রণ? কেরালা পৌঁছানোর পর থেকেই শুরু হয় এক আজব গোলকধাঁধা আর রহস্যের কুরুক্ষেত্র! সিন্ধুর হরপ্পা সভ্যতার কিছু কোডেড সূত্র (Coded Harappan Clues) উদ্ধার থেকে শুরু করে এক গভীর ষড়যন্ত্রের জাল উন্মোচন করতে দেখা যাবে একেন বাবুকে। তবে যতই জটিল কেস হোক না কেন, একেন বাবুর সিগনেচার কমেডি আর কাঁচালঙ্কা খাওয়ার স্টাইল কিন্তু একদম মিসিং নয়!
আরও পড়ুন: 'অশ্রুহীন রুদালি', উৎপল সিনহার কলম
ছবির পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখার্জি। প্রয়াত সুজন দাশগুপ্তের গল্প অবলম্বনে এই ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। একেন বাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী তো থাকছেনই, তার সাথে দুই চেনা সঙ্গী— বাপি (সুহোত্র মুখোপাধ্যায়) এবং প্রমথ (সোমক ঘোষ)-কেও দেখা যাবে চিরপরিচিত ফর্মে। তবে এবারের সবথেকে বড়ো চমক হল ছবির কাস্টিং। টিজারে দেখা মিলেছে একঝাঁক দুর্দান্ত অভিনেতার। ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (ইরফান ফাজিল), রাইমা সেন (দীপা), কমলেশ্বর মুখোপাধ্যায় (মিহির সেন), অম্বরীশ ভট্টাচার্য (দেবেশ), অর্ণ মুখোপাধ্যায় (ইব্রাহিম) এর মত অভিনেতারা।
আগামী ১৫ অক্টোবর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে এবারের পুজোয় বক্স অফিসের লড়াই কিন্তু বেশ জমে উঠবে। কারণ একেন বাবুর সাথে একই দিনে মুক্তি পাচ্ছে ‘বহুরূপী- দ্য গোল্ডেন ডাকু’, ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ‘দেশু-৭’-র মতো বড়ো বড়ো বাংলা ছবি। তবে শহুরে গোয়েন্দাগিরি ছেড়ে নারকেল গাছের দেশ কেরালায় গিয়ে একেন বাবু কীভাবে তার অদ্ভুত যুক্তির সাহায্যে কুরুক্ষেত্র সামলান, সেটাই এখন দেখার।
















